শিক্ষাশিরোনাম

‘ডিস্কো ডান্সার’ বেরোবি’র ভিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জলর (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নাচের ভিডিও ভাইরাল। বৃহস্পতিবার ভাইরাল হওয়া ভিডিওটি রংপুরের স্থানীয় সাংবাদিক রতন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

৩ মিনিট ৪৪ সেকেন্টের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ভারতীয় সংগীত শিল্পী পাপ্পী লাহেড়ীর জনপ্রিয় গান আই এম এ ডিস্কো ডান্সার গান বাজছে। আর তার সাথে তাল মিলিয়ে নাচছে শিক্ষক-শিক্ষার্থীরা। সেই ভিড়ের মাঝখানে মধ্যমনি হয়ে দু’হাত উপরে তুলে হেলে-দুলে নাচ করছেন ভিসি কলিমউল্লাহ। অনেকেই পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। ওই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইদুর রহমান ও অন্যবিভাগের একজন শিক্ষককেও শিক্ষার্থীদের সঙ্গে নাচতে দেখা যায়।

সূত্র থেকে জানা গেছে, ভিসি কলিমউল্লাহ ২০১৭ সালে যোগদানের পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের রাতে ওই গানের সাথে নাচ করেন।

ভিডিওটি শেয়ার করে সাংবাদিক রতন সরকার লিখেছেন ‘বেরোবি : ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহর সেন্টার অব এক্সিলেন্স।’

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: সাইদুর রহমান বলেন, ‘একটি বিভাগের শিক্ষার্থীদের বিদায়ে উপাচার্যকে আমন্ত্রণ জানালে তিনি আসেন। শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ করেন। এখানে অশালীন কিছু হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব ভিডিও প্রকাশ অনুচিত।’

অনেক ফেসবুক ব্যবহারকারী ওই ভিডিও শেয়ার করেছেন এবং অনেকই আবার পক্ষে-বিপক্ষে নানা-রকম মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, বিদেশি গানের সঙ্গে উপাচার্যের এমন নাচ অশোভনীয়। যেখানে উপাচার্যকে ‘মাতাল’ হিসেবেও অভিহিত করেছেন অনেকে। আবার কেউ কেউ বলছেন বিষয়টি তার ব্যক্তিগত।

ভিডিওতে একজনের মন্তব্যের উত্তরে রতন সরকার বলেন, ‘দায়িত্ব নিয়ে বলেছিলেন, বেরোবি হবে পৃথিবির senter of excelence দু’বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। আরও দু’বছর এই জগদ্দলকে বহন করতে হবে আমাদের।’

মো: আমিনুল ইসলাম নামে একজন মন্তব্যে লিখেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ’ যিনি ১১/১ এর সময় রাজাকার,আল-বদরের ন্যায় আর্মি সেনাদের সহযোগিতা করেছেন।যার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার মুক্তিকামী শিক্ষক-ছাত্রদের উপর হামলা,নিপীড়ন ও গ্রেফতার করা হয়।’

সাজেদুল বারী নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আমি বুঝলাম না, স্যার এ কি ধরনের ক্রিমিনাল ওফেন্স করেছে. নাচা-নাচি যদি দোষের হয়ে থাকে তবে মামলা করলেই হয়!!! এইসব আজাইরা প্যাচাল বাদ দিয়ে, এরচে বরং এই লোকটার দুর্নীতি-ক্যাম্পাস ফাঁকি তুলে ধরুন, কাজে দেবে।’

এইচএম বাবু বাবু নামে আরেক জন মন্তব্য করেন, ‘এতে দোষের কী? এটা তাঁর ব্যক্তিগত জীবন। বেরোবি’র দুরবস্থা, মন্থরতার সাথে এটা যায় না।’

এ নিয়ে ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন রিসিফ হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ জুন অধ্যাপক কলিমউল্লাহ ভিসি হিসেবে যোগদানের পর থেকেই তিনি ঢাকা থেকে বেরোবিতে অফিস করেন। যদিও বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি তাকে যে চারটি শর্তে নিয়োগ দিয়েছেন, তার একটি হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে হবে। এজন্য ওই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ভিসির জন্য বাংলো আছে।

এছাড়াও নিজ দায়িত্বের বাইরে গিয়েও অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ট্রেজারারসহ একাধিক প্রশাসনিক দায়িত্ব নিয়ে তিনি ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতি নিয়ে বারবার সংবাদ হয়েছেন। আর এবার আলোচনায় আসলেন ‘আই এম এ ডিস্কো ডেন্সার’ গানের ভিডিও ভাইরাল হওয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button