আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিহত ৬৫

ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬৫ অভিবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিছু প্রতিবেদন অনুসারে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
আজ শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। বেঁচে যাওয়া অভিবাসীদের বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনার শিকার নৌকাটি গত বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা শহর থেকে রওনা দেয়। পথে সাগরের উত্তাল ঢেউয়ের মুখে এটিতে সমস্যা দেখা দেয়।
গতকাল শুক্রবার জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা আইওএমের পক্ষ থেকে জানানো হয়, নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এর মধ্য থেকে এখন পর্যন্ত মাত্র চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে তিউনিশিয়ার কোস্টগার্ড।
ইউএনএইচসিআর জানায়, উদ্ধারকৃত অভিবাসীদের তিউনিসিয়া উপকূলে নিয়েছে দেশটির নৌবাহিনী। অভিবাসীদের নৌকা থেকে উপকূলে নামানোর ব্যাপারে কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করছেন তাঁরা। কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেশটির নৌবাহিনী দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ পাঠায়। সেখানে পৌঁছলে দেখা যায়, মাছ ধরার একটি নৌকা জীবিতদের উদ্ধার করে নৌকায় তুলছে।
দুর্ঘটনার কবলে পড়া অভিবাসীরা আফ্রিকার সাব–সাহারান অঞ্চলের বলে মনে করা হচ্ছে। এ বছরের অভিবাসন সংক্রান্ত ঘটনার মধ্যে এ নৌকাডুবিকে সর্বাধিক প্রাণঘাতী বলে ধারণা করা হচ্ছে।
প্রতি বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান হাজার হাজার অভিবাসী। ইউএনএইচসিআরের মতে, চলতি বছরের প্রথম চার মাসে সমুদ্রপথে কেবল লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে অন্তত ১৬৪ জনের প্রাণহানি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button