দূর্ঘটনাশিরোনাম

রেলসেতু ভেঙে ওয়াগন খালে : ঝুঁকিতে হালদা নদী

চট্টগ্রামের হাটহাজারীতে রেলসেতু ভেঙে তেলবাহী ওয়াগন খালে পড়ে গেছে। সোমবার বেলা ৩টার দিকে উপজেলার পৌরসভার এগার মাইল এলাকায় মধ্যম দেওয়ান নগরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খালের পানিতে ফার্নেস ওয়েল ছড়িয়ে পড়ায় ভয়াবহ ঝুঁকিতে পড়েছে এশিয়া মহাদেশের বিখ্যাত প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী।
এদিকে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় খালে অস্থায়ী বাঁধ দিয়ে ছড়িয়ে পড়া ২৪ টন ফার্নেস ওয়েলের দুষণের ঝুঁকি থেকে হালদাকে বাঁচানোর চেষ্টা চলছে।
জানা গেছে, হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকায় স্থাপিত ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ফার্নেস ওয়েলবাহী ওয়াগনটি সোমবার দুপুর তিনটার দিকে লাইনচ্যুত হলে সেতু ভেঙে পড়ে যায়। এর মধ্যে একটি ওয়াগন থেকে ২৪ টন ফার্নেস ওয়েল খালে ছড়িয়ে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল ভর্তি আটটি ওয়াগন নিয়ে যাচ্ছিল ট্রেনটি। এর মধ্যে তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় ও দুইটি সেতুর পাশে কাত হয়ে পড়ে। ওয়াগনগুলোর প্রতিটির ধারণক্ষমতা সাড়ে ২৪ টন করে বলে জানান তিনি।
যে ওজনের তেলবাহী ওয়াগনগুলো চট্টগ্রাম-হাটহাজারী রেল লাইন দিয়ে চলে, প্রকৃতপক্ষে সে ওজন বহনের ক্ষমতা এ রেল লাইনের নেই বলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে সচেতন মহল মনে করে।
রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ১৯ জুন ও ২০১৩ সালের ৩১ জুলাই দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় বোয়ালখালী উপজেলার খিতাপচড় ও কালুরঘাটে দুইটি ট্রেন লাইনচ্যুত হয় এবং সে সময় কর্ণফুলী নদীসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছিল। নয়া দিগন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button