
রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে বসুন্ধরার নর্দ্দায় এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান তিনি। এ সময় সেথানে ঘণ্টাখানেক অবস্থান করেন ও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন নুর।
তিনি বলেন, আমরা সবসময় চাই সড়কে নৈরাজ্য বন্ধ হোক। সড়কে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেয়া হোক। এর আগে সড়কে নৈরাজ্য বন্ধে যেসব দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়নের দাবি জানাই। এরসঙ্গে তিনি আজকের দাবিগুলোর সঙ্গেও একাত্মতা ঘোষণা করছি।
নুরুল হক নুর বলেন, আপনারা দেখেছেন, কোটা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে ভাঙচুর চালিয়ে সাধারণ শিক্ষার্থী এবং আমাদের ওপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে। এখানেও বাস পুড়িয়ে সাধারণ ছাত্রদের ওপরে দোষ দিতে চেয়েছিল একটি চক্র। কিন্তু সাধারণ ছাত্ররা এই নাশকতার সঙ্গে জড়িত না।
ডাকসুর ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে আছে। কোনোভাবেই এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।
এ সময় তার সঙ্গে ছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান, ফারুক হোসেন প্রমুখ।
এর আগে, বেলা ১১টার দিকে বসুন্ধরা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে যান ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে দ্রুত সম্ভব বাস্তবায়নের আশ্বাস দেন। সেই সঙ্গে এসব দাবি নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হবে বলেও জানান তিনি।
মেয়রের কাছে দেওয়া শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ১০ দিনের মধ্যে সুপ্রভাত বাসের চালক হেলপার ও মালিকের ফাঁসি, সুপ্রভাত ও জাবালে নূরসহ যেসব বাস আজ এবং এর আগে দুর্ঘটনা ঘটিয়েছে সেসব বাসের রুট পারমিট বাতিল, বাস চালক ও হেলপারের ডোপ টেস্ট করতে হবে, বাসসহ গণপরিবহনের চালক হেলপারের আইডি কার্ড ভিজিবল করা প্রভৃতি।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টায় প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) এক শিক্ষার্থী নিহত হন।
জানা যায়, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পার হয়ে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় তাকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। এ ঘটনায় বাসচালক সিরাজুলকে (২৯) আটক করেছে পুলিশ।




