
ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে স্থাপনসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যলয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবন ঘুরে মিছিলটি প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে যায় তারা। পরে কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। দাবির মধ্যে আরও আছে—ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটিগুলো পুনর্গঠন করে এগুলোতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের অন্তর্ভুক্তি, ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য এনে যেকোনো সিদ্ধান্ত সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তে নেওয়া এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের নিরাপত্তা, আগের হামলা ও নির্যাতনগুলোর বিচার ইত্যাদি।




