
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে বন্যার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা মরা নদীর ধারে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দেবীনগর ইউনিয়নের মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুল ইসলামের মেয়ে শরিফা (১২) এবং নেজাম আলীর দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
স্থানীয়রা জানান, পাঁচ কিশোরী একসঙ্গে বন্যার পানিতে গোসল করতে নদীতে নামে। ছোট শিশু সাঁত্তার না জানায় তারা একপর্যায়ে পাানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী জানতে পেরে নদীতে নেমে খোঁজাখুঁজি করে নদী থেকে তাদের সকলের মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পাঁচ শিশু পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




