
চম্পা খাতুন বয়স ২০ বছর হলেও বাড়েনি অঙ্গ প্রত্যঙ্গ।এখনও মায়ের কোলেই চড়েন। হাটতে পারেন না। শরীরের নেই কোন পরিবর্তন। কেবল হাসতে আর কাঁদতে পারেন।।যে বয়সে পড়ালেখা বা বিয়ের রঙ্গিন স্বপ্ন থাকার কথা সেই বয়সেও চম্পা মানুষের কোল চেপে বসে থাকে। বহুমাত্রিক প্রতিবন্ধি হিসেবে সমাজসেবা থেকে তার নাম নিবন্ধিত হলেও এখনো ভাগ্যে জোটেনি প্রতিবন্ধি ভাতার কার্ড।চম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের হাসেম মোল্লার মেয়ে।
চম্পার মা মিনুয়ারা বেগম জানান, ১৯৯৯ সালের ২৮শে এপ্রিল চম্পা খাতুনের জন্ম। জন্মের পর থেকে সে বহুমাত্রিক প্রতিবন্ধি। আচরণ করে শিশুর মতো। কোন কথা বলতে পারে না। কেবল হাসতে আর কাঁদতে পারে। সারাক্ষণ মানুষের কোলে কোলেই তার দিন কাটে।
বড় বোন ময়না খাতুন জানান,২০ বছর বয়স হলেও চম্পা এখনো শিশুর মতোই রয়ে গেছে। তার পিতা হাসেম মোল্লার মেয়েকে চিকিৎসা করানোর মতো সঙ্গতি নেই। এ জন্য তারা চম্পার জন্য একটি প্রতিবন্ধি ভাতার কার্ড করার চেষ্টা করছেন।




