জাতীয়শিরোনাম

দুর্নীতি বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্রকে ম্লান করে দিচ্ছে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি বাংলাদেশের মতো উন্নয়শীল দেশের শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, বিচারিক ব্যবস্থা, সমৃদ্ধি, উন্নয়ন এমনকি গণতন্ত্রকেও ম্লান করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সেগুনবাগিচায় দুদক’র প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের আমলনামা সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি কিছুটা কমলেও কাঙ্খিত মাত্রায় কমেনি। তাই দুদক’র গোয়েন্দা ইউনিট এসব কর্মকর্তাদের আমলনামা সংগ্রহ করছে।
দুদক চেয়ারম্যান জানান, গত বছর কমিশন প্রায় ১৮ হাজার লিখিত অভিযোগ পেয়েছে। এ বছরের নভেম্বর পর্যন্ত ১২ হাজার ২২৭টি অভিযোগ পাওয়া গেছে। ২০১৭ সালের ২৭ জুলাই থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬-এ ১৯ লাখ ৪৪ হাজার ২২০টি ফোন কল এসেছে।
এছাড়া গত ১২ বছরে (২০০৭-২০১৮) পাঁচ হাজার ৮৯টি দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময়ে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর আমলের মামলাসহ পাঁচ হাজার ৫২০টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আর গত ১০ বছরে (২০০৯-২০১৮) এক হাজার ৩২১টি মামলায় আসামিদের সাজা হয়েছে। কমিশনের মামলায় ২০১৭ সালে সাজার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। সাজার হার ক্রমাগত বাড়ছে। কমিশনের প্রত্যাশা শতভাগ মামলায় সাজা পাবে দুর্নীতিবাজরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button