
এখনো বিস্ময় হয়ে রয়েছে ভারতের বিখ্যাত স্থাপনা তাজমহল। উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত এ স্থাপনাটি দেখতে প্রতিবছর ৭০ লাখ লোক আসে। অক্টোবর থেকে তাজমহলে পর্যটকের স্রোত নামতে শুরু করে। চলে মার্চ পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, অবহেলা ও দূষণ আজ একে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।
শ্বেত তাজমহল অযত্ন অবহেলায় ধীরে ধীরে হয়েছে কালো। তাজমহলের জায়গায় জায়গায় এখন ফাটল চোখে পড়ে। ক্ষয়প্রাপ্ত হচ্ছে মার্বেল।
প্রসঙ্গত, সতেরো শতকে সম্রাট শাহজাহান যমুনার তীরে প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির ওপর তৈরি করেন তাজমহল। যমুনা নদীর তীরে এই ইমারত নির্মাণে শাহজাহান রাজস্থান থেকে আনান বিশেষ একপ্রকার মার্বেল পাথর। এই মার্বেলের বিশেষত্ব হলো, সকালে একে গোলাপি দেখায়। বিকেলে শাদা। সন্ধ্যায় দুধেল সাদা। আর এর উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দিত।




