বিমানের সিটের নিচে কোটি টাকার স্বর্ণবার

সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিজি ইএ-২২৮ বিমানের সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন এপিবিএন পুলিশের পরিদর্শক কোহিনূর আহমদ ও এএসআই খালেদ মিয়া।
তারা জানান, এ ঘটনায় সিলেট নগরের কোতোয়ালি থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার ছেলে জাহিদ মিয়াকে আটক করে। স্বর্ণের বার অবৈধভাবে নিয়ে আসার দায়ে তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, বিজি ইএ-২২৮ এর বিমানে যে সিটের (১০/অ নং এ) নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায়, ওটা তার নির্ধারিত সিট নয়। পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে। গত এক মাসে তিনি সিলেটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেন।




