শিরোনাম

খাগড়াছড়িতে ছয়জনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি জেলা সদরে স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি দুই আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছন।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা পলাশ চাকমা এবং এলটন চাকমা।
জানা গেছে, খাগড়াছড়ির স্বনির্ভর বাজার এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ এবং তাদের প্রতিপক্ষের মধ্যে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের লাশ পাওয়া গেছে। আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহতদের লাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসিত খিসা) সদস্য বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা।
তিনি এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এম এন লারমা) গ্রুপকে দায়ী করেছেন।
তবে এ ব্যাপারে এখনো জেএসএস-এম এন লারমার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button