৬ বছর ধরে ভুল পথে খোঁড়া হচ্ছিলো টানেলটি

ক্রোয়েশিয়ার দক্ষিণে কোটি কোটি ডলার ব্যয়ে ছয় বছর আগে পাহাড়ের ভিতর দিয়ে একটি টানেলের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ৪৪ মিলিয়ন ডলার অর্থাৎ ৩৬০ কোটি টাকার বেশি খরচ করে ১৪৭১ মিটার নির্মাণের পর দেখা গেল টানেলটি বেরিয়েছে পাহাড়ের একটি খাদের ওপর, যেখান দিয়ে যাবার কোন পথ নেই।
মূলত যানজট কমানোর উদ্দেশ্যে নির্মিত এই টানেলের মুখ বের হবার কথা ছিলো ওমিস ব্রিজ নামের একটি স্থানে। যার ফলে ওমিসের বাসিন্দারা সহজেই উপকূলের সড়কে উঠতে পারবে। কিন্তু এখন তারা বুঝতে পারছে না, এই টানেল নিয়ে তারা কি করবে। এ নিয়ে ক্ষুব্ধ ওমিস শহরের মানুষজন।
আরটিএল ক্রোয়েশিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফ্রানি নামের একজন বাসিন্দা মজা করে বলেছেন, ‘এটা তাদের জন্য যেন একটা মজার ব্যাপার। হয়তো তারা ভেবেছে, ওখানে ব্যাটম্যান থাকে।’
অবশ্য কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে নিয়ে পুরো প্রকল্পটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। আর জানিয়েছেন, গ্রীষ্মের ছুটি শেষ হলেই তারা নতুন কাজ শুরুর করবে।




