বিনোদন

কুকীর্তি ফাঁস : আত্মসমর্পণ হলিউড সম্রাট উইনস্টাইনের

ধর্ষণের অভিযোগে আত্মসমর্পণ করলেন একদা প্রবল পরাক্রমশালী ‘সিনেমা সম্রাট’ হার্ভে উইনস্টাইন। মহিলাদের নিয়ে তার কুকীর্তি সামনে আসার পরেই সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় চালু হয় ‘#মিটু’ (আমাকেও) আন্দোলন। সেই আন্দোলনের চাপ আর কাটিয়ে উঠতে পারলেন না উইনস্টাইন। শুক্রবার নিউ ইয়র্ক পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন তিনি। কয়েক দশক ধরে প্রভাব খাটিয়ে একের পর এক মহিলার উপর লালসা চরিতার্থ করেছেন উইস্টাইন। অবশেষে লুসিয়া ইভান্স নামে এক অভিনেত্রীর সাক্ষাৎকারের পরেই উইস্টাইনের কুকীর্তি সামনে আসে। এরপরেই ৭০ জনের বেশি মহিলা উইস্টাইনের বিরুদ্ধে মুখ খোলেন।
তবে যে দুই অভিযোগের ভিত্তিতে উইনস্টাইনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল তার একটি করেছিলেন লুসিয়াই। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে তিনি জানিয়েছিলেন, হলিউড প্রডিউসার উইনস্টাইন তার সঙ্গে কাজ নিয়ে আলোচনা করবেন বলে ডেকে তাকে ওরাল সেক্স-এ বাধ্য করেন। তবে ধর্ষণের অভিযোগটি কে আনেন তা এখনও জানা যায়নি।
ম্যানহাটনের জেলা আদালত এই দুই অভিযোগের ভিত্তিতে ৬৬ বছরের উইনস্টাইনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে। তবে আত্মসমর্পণের আগেই জামিন নিয়ে আলোচনা সেরেছিলেন তিনি। জামিন পেতে গেলে, তাকে দশ লক্ষ মার্কিন ডলার দিতে হবে এবং তাকে নজরদারি যন্ত্র পরে থাকতে হবে। তার ভ্রমণের উপরও নিয়ন্ত্রণ জারি করা হবে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। উইনস্টাইনের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান এই নিয়ে কোনো মন্তব্য করেননি। আগে অবশ্য ব্রাফম্যান জানিয়েছিলেন, তার মক্কেল উইনস্টাইন কারও সম্মতি ছাড়া সহবাসের অভিযোগ অস্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button