আফগানিস্তান সিরিজ : কারা থাকছেন ৩০ জনের প্রাথমিক দলে?

আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে একটি টি-২০ সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ। ভেন্যু দেরাদুন হলেও এটি আসলে আফগানিস্তানের হোম সিরিজ। সূচি এখনো ঠিক করা হয়নি। তবে ইতোমধ্যেই ৩০ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। খুব শিগগিরই এই দল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
৩০ সদস্যের এই প্রাথমিক দলে তুষারের মতো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা খেলোয়াড়ের থাকার সম্ভাবনা ক্ষীণ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায়, ‘এটা আপনাদের মনে রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটে ভালো করা মানে এই নয় যে আন্তর্জাতিক ক্রিকেটেও সে ভালো করবে। আন্তর্জাতিক পর্যায়ে তার সামর্থ্য কত, সেটিও বুঝতে হবে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে এখনই নিতে হবে, এমন কথা নেই। আগে ‘এ’ আর এইচপি দলটা দিই, সেটা দেখেন, তখন বিষয়টা বুঝতে পারবেন।’
এদিকে জুনেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলের। এ ব্যাপারে নান্নু আরো বলেন, ‘আপাতত আফগানিস্তান সিরিজ নিয়ে কাজ করছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে লম্বা সিরিজ। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজও রয়েছে। চ্যালেঞ্জিং সিরিজ সামনে। এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো খেলা। পাশাপাশি ‘এ’ দলেরও ব্যাস্ত সূচি। সুতরাং এ দলটাকে যোগ করে আমরা একটি কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করছি।’
এদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ইনজুরিতে আছেন। তবে আফগানিস্তান সিরিজের আগেই তাদের সম্পূর্ণ ফিট পাবেন বলেই আশা করছেন প্রধান নির্বাচক। তাই তাদের নিয়েই দল গঠন করা হচ্ছে বলে জানান নান্নু, ‘আমাদের বিশ্বাস কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে পাবো। নাসিরের ব্যাপারটা একটু আলাদা। কারণ তার ফিরতে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে। সে হিসেবে তাকে বাদ রাখা হচ্ছে।’
আগামী ১৩ মে থেকে শুরু হবে আফগানিস্তান সিরিজের প্রাথমিক প্রস্তুতি। এতে তাসকিন আহমেদের থাকা নিয়েও ছিল অনিশ্চিয়তা। তবে আশার আলো জাগালেন নান্নু। একটি অনলাইন পত্রিকাকে বলেন, আমরা ডাক্তারের রিপোর্ট তথা মতামতের অপেক্ষায় আছি। সে মতামত হাতে পেয়ে গেছেন নির্বাচকরা। রিপোর্ট ইতিবাচক। ৩০ জনের প্রাথমিক দলে তাই থাকছেন তাসকিন।
তবে ক্যাম্পে ডাক পেলেও তাসকিনের আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘আপাতত ক্যাম্পে যোগ দেয়ার মতো শারীরিক সক্ষমতা আছে তাসকিনের। তাই তাকে অনুশীলন করার কথা বলেছি আমরা। প্রাথমিক ক্যাম্পে যোগ দেয়ার পর তার পিঠের সমস্যার অবস্থা কি দাড়ায়, তার উপরই নির্ভর করবে আগামী সিরিজগুলোয় খেলা।’




