পশ্চিমারা সন্ত্রাসেই নিঃশেষ হবে: এরদোগান

দক্ষিণাঞ্চলীয় দীনজিলি প্রদেশ সফরে সমর্থকদের উদ্দেশ্য দেয়া বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ‘সন্ত্রাসের মদদ দেয়া সন্ত্রাসেই পশ্চিমারা ধ্বংস হবে। পশ্চিমারা সন্ত্রাস থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হবে না। সন্ত্রাসীদের লালন-পালন করার কারণে পশ্চিমারা সন্ত্রাসেই নিঃশেষ হবে।’
শনিবার জার্মানিতে গাড়ির হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ফ্রান্সেও একই ঘটনা ঘটবে। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের সমর্থন করার জন্য ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্টের উদ্দেশে এরদোগান বলেন, ‘আপনি জার্মানিতে কী ঘটছে তা নিশ্চয় দেখতে পাচ্ছেন। একই ঘটনা ফ্রান্সেও ঘটবে।’
সাম্প্রতিক সময়ে আঙ্কারা এবং প্যারিসের মধ্যেকার সম্পর্কে ফাটল ধরেছে। সিরিয়ার উত্তরে আফরিনে কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানে ফরাসি বিরোধিতা এরদোগান সরকারকে ক্ষুব্ধ করে।
ইতোপূর্বে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছিলেন, তুরস্ক এবং রাশিয়া যৌথভাবে সিরিয়ার তেল আবিয়াদে হাসপাতাল চালু করবে। সিরিয়ার পূর্ব ঘৌটা থেকে উদ্ধার করা বাসিন্দাদের চিকিৎসা দেয়া হবে সেখানে। তুরস্ক এবং রাশিয়ার সশস্ত্র বাহিনী মিলে মেডিক্যাল সেবা দেবে। সিরিয়াতে যুদ্ধবিরতির ব্যাপারে তুরস্ক, ইরান এবং রাশিয়া একমত হয়েছে।
তিনি বলেছিলেন, আমাদের স্বপ্ন হচ্ছে বিশ্বের শীর্ষ দশে নিজেদের নাম লেখানো। তুরস্কের উন্নতি ও সামর্থ যেভাবে বাড়ছে সেভাবে প্রতিকূলতাও বাড়ছে। এজন্য আমাদের স্বপ্নে পৌঁছানো সহজ নয়।



