খেলা

দুই হ্যাটট্রিকে বাংলাদেশের কিশোরীদের বড় জয়

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেলো বাংলাদেশের কিশোরীরা। হংকংয়ে অনূর্ধ্ব-১৫ চার জাতি আমন্ত্রণমূলক নারী ফুটবলের দ্বিতীয় ম্যাচে ইরানের জালে আটটি গোল দিলো তারা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার জালে ১০ গোল দিয়েছিল বাংলাদেশ। আজ ইরানের বিপক্ষে ৮-১ গোলে জিতেছে তহুরারা। হ্যাটট্রিক করেন তহুরা ও শামসুন্নাহার দু’জনেই।
দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ শুরুতেই এগিয়ে থাকে। এক মিনিটেই গোল করেন তহুরা খাতুন। এর পর কিছুটা বিরতি নিয়ে আরো দুটি গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করে।
ম্যাচের ৩২ মিনিটে অ্যানি মগিনি ও প্রথমার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে থাকে তহুরা-শামসুন্নাহাররা। ম্যাচের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শামসুন্নাহার।
হ্যাটট্রিকের পথে ছুটছিলেন মগিনিও। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান। তবে ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি সে। উল্টো খেলার শেষ মুহূর্তে একটি গোল শোধ করে ইরান।
চার দলের টুর্নামেন্টে খেলা হচ্ছে লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ শিরোপায় চোখ রেখেই খেলতে গেছে এ টুর্নামেন্ট। শেষ ম্যাচে রোববার বিকেল সাড়ে ৩ টায় স্বাগতিক হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button