
মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৫০০টি গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জীবা আমিনা খানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও শিক্ষা উপকরণ তুলে দেন নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান। এ সময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর।
আয়োজকরা জানান, সংরক্ষিত নারী সংসদ সদস্য জীবা আমিনা খানের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হবে বলেও তারা জানান।




