বিনোদন

এবার সাদা গোলাপে যৌন নির্যাতনের প্রতিবাদ

আগামী সপ্তাহে ব্রিটেনের বিনোদন জগতে পপ সংগীতের সেরা পুরষ্কার ব্রিট অ্যাওয়ার্ডে উপস্থিত তারকারা সাদা গোলাপ পরে যৌন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানাবেন। এই অনুষ্ঠানের আয়োজকরা ব্রিটেনের প্রতিটি রেকর্ড কোম্পানির কাছে চিঠি পাঠিয়ে এই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।
চিঠিতে বলা হয়েছে, অনুষ্ঠানের উপস্থাপক, অতিথি এবং পারফর্মারদের প্রত্যেককে একটি করে পিন দেয়া হবে। তাতে লাগানো থাকবে একটি করে সাদা গোলাপ। ডুয়া লিপা, স্যাম স্মিথ, এড শিরান এবং প্যালোমা ফেইথের মতো বড় বড় শিল্পীরা এই পরিকল্পনায় সায় দিয়েছেন বলে জানা যাচ্ছে।
চলতি মাসে মার্কিন পপ সঙ্গীতের পুরষ্কার অনুষ্ঠান গ্র্যামি অ্যাওয়ার্ডের সময়ও তারকারা সাদা গোলাপ পরে যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। গ্র্যামি অ্যাওয়ার্ডের ঐ বিক্ষোভ কিছুটা স্বতঃস্ফূর্ত হলেও ব্রিট অ্যাওয়ার্ডের প্রতিবাদ হবে সুসংগঠিতভাবে।

উল্লেখ্য, হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ার পর মার্কিন মুলুক ছাড়াও দেশ বিদেশে দারুণ আলোড়ন সৃষ্টি হয়। অ্যাঞ্জেলিনা জোলি, গিনিথ প্যালট্রোসহ হলিউডের একাধিক নারীকে যৌন নিগ্রহ করেছিলেন এই প্রযোজক। একথা প্রকাশ্যে আসতেই ‘মিটু হ্যাশট্যাগ’ দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে লিখে যাচ্ছেন তারকা সহ সাধারণ মানুষ। অভিনেত্রীরা তো বটেই, অভিনেতারাও নিজেদের সঙ্গে ঘটে যাওয়া অন্ধকার সময়ের কাহিনী শোনাচ্ছেন সবাইকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button