জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু

মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে অনশন শুরু করেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটির আহবায়ক নজরুল ইসলাম রনি বলেছেন, শিক্ষার মান উন্নয়ন এবং বৈষম্য দূর করতে জাতীয়করণের বিকল্প নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি জানান, অনশন কর্মসূচিতে দাবি আদায় না হলে শিক্ষকরা কাফনের কাপড় পরিধান করে মিছিল করবেন। এ মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা তার বাসভবনে সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।
নজরুল ইসলাম রনি বলেন, শিক্ষা বান্ধব বর্তমান প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষকদের নায্য দাবি অবশ্যই বিবেচনা করবেন এবং তার মুখেই শিক্ষকরা জাতীয়করণের ঘোষণা শুনতে চান।
গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আজ সোমবার সকাল থেকে একই স্থানে আমরণ অনশন শুরু করেছেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন সমন্বয়ে গঠিত বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরাম, জাতীয়করণ লিয়াজো ফোরামের আহবানে আজ সোমবার সারাদেশ থেকে হাজার খানেক বেসরকারি শিক্ষক এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
ফোরামের আহবায়ক রনি বলেন, এখন প্রতিদিনই শিক্ষক সংখ্যা বাড়বে।
বেতন ভাতা, ইনক্রিমেন্ট, উৎসবভাতা, ঈদ বোনাস নিয়ে চরম বৈষম্যের শিকার দাবি করে শিক্ষক নেতা রনি বলেন, এ অবস্থার অবসানে প্রধানমন্ত্রী অবশ্যই হস্তক্ষেপ করবেন এবং তিনিই জাতীয়করণের ঘোষণা দেবেন।
মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সবক’টি সংগঠন একমত। জাতীয়করণ লিয়াজো ফোরাম সবার আগে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। অন্য সংগঠনগুলোও একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।




