তিন নতুনের গহীন বালুচর

একটি বছর ধরে অপেক্ষায় ছিলেন বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের তিন নতুন মুখ নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুন তাদের নিজেদেরকে সিনেমা হলের পর্দায় দেখার। এর আগে একটি তারিখ চলচ্চিত্রটি মুক্তির জন্য নির্ধারিত হওয়ার পরও তা মুক্তি পিছিয়ে নেয়া হয় ২৯ ডিসেম্বর। আগামীকাল সেই প্রতীক্ষার ২৯ ডিসেম্বর। বদরুল আনাম সৌদের প্রতীক্ষার প্রহর যেমন শেষ হচ্ছে ঠিক তেমনি শেষ হচ্ছে নীলা, তানভীর ও মুনেরও। এ চলচ্চিত্রে তারা তিনজন যথাক্রমে অভিনয় করেছেন নিশি, সুজন ও পারুল চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে গান, ট্রেইলার এবং দেশের বিভিন্ন সিনেমা হলে ট্রেইলারে দর্শক এই নতুন তিনজনের পারফরম্যান্সের স্বল্প উপস্থিতি দেখে পুরো সিনেমাটি দেখার অপেক্ষায় আছেন। নতুন তিনজনের এ চলচ্চিত্র বছরের শেষ চলচ্চিত্র হিসেবে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই মুক্তি পাচ্ছে। শেষ ভালো যার সব ভালো তারÑ এমনও বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। তাই ‘গহীন বালুচর’ যেন দর্শকের কাছে হয়ে ওঠে দর্শকপ্রিয়, সেই আশা রাখছেন ‘গহীন বালুচর’-এর পুরো ইউনিট। আগামীকালই মুক্তি পাচ্ছে ‘গহীন বালুচর’। এ প্রসঙ্গে চলচ্চিত্রটির নায়ক তানভীর বলেন, সত্যি বলতে কী চলচ্চিত্রটির মুক্তি নিয়ে এখন মনে খুবই উচ্ছ্বাস কাজ করছে। আবার ভয়ও কাজ করছে কী হয়, কী না হয়। আগামীকাল তো চলচ্চিত্রটি মুক্তি পেয়েই যাচ্ছে। এত দিন বাবা-মায়ের মতো মাথার ওপর ছায়া হয়ে ছিলেন সুবর্ণা ম্যাডাম, সৌদ ভাই। কিন্তু এরপর তো বাকিটা পথ নিজেদের মতো করে চলতে হবে। পারব কি সেই পথ একা একা পাড়ি দিতে? তবে আমার বিশ্বাস, তারা দু’জনই সব সময় আমার, আমাদের পাশে থাকবেন। নীলাঞ্জনা নীলা বলেন, চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া, সুবর্ণা ম্যাডামের সাথে কাজ করতে পারা, সৌদ ভাইয়ের নির্দেশনায় নিজেকে অভিনয়ে পারদর্শী করে তোলার চেষ্টাÑ সবই যেন আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। আমি একটি পরিবারের মধ্যেই সময় কাটিয়েছি, কাজ করেছি। চলচ্চিত্রটি মুক্তি পেলে এই পরিবারের ছোঁয়া বা সান্নিধ্য আমি খুব মিস করব। আমি সব সময়ই এ পরিবারের সাথে থাকতে চাই। কাজ করতে চাই। দর্শক যেন হলে গিয়ে ‘গহীন বালুচর’ দেখেন, এটাই চাই। মুন বলেন, অনেকটা স্বপ্নের মতোই মনে হয়েছিল যখন ‘গহীন বালুচর’-এ কাজ শুরু করি। সুবর্ণা ম্যাডাম অনেক আদর ও ভালোবাসা দিয়েই আমাদের আগলে রাখতেন, এখনো রাখছেন। একটি কথাই শুধু বলব- ‘গহীন বালুচর’-এ কাজ করতে গিয়ে একটি পরিবার পেয়েছি, যে পরিবারটি আমার নির্ভরতার জায়গা। উল্লেখ্য, ‘গহীন বালুচর’-এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন বদরুল আনাম সৌদ।




