সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৮৫): ‘কৃতজ্ঞতা প্রকাশ করুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৮৫ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৮৫: ‘কৃতজ্ঞতা প্রকাশ করুন’
আপনি কী আজকের দিনটির জন্যে কৃতজ্ঞ?
কৃতজ্ঞ হওয়া স্বাস্থ্যের জন্য উত্তম। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণায় বলা হয় যে, যাদের মনে কৃতজ্ঞতা বিদ্যমান তারা ভালো ঘুমোতে পারেন, ইতিবাচক মানসিকতা পোষণ করেন এবং তাদের হৃদয়ঘটিত সমস্যা কম দেখা দেয়। এছাড়াও তারা অধিক আশাবাদী হয়ে থাকেন এবং নতুন বন্ধু বানাতেও সক্ষম হন।
দুর্ভাগ্যজনকভাবে, কাউকে ধন্যবাদ দেওয়ার কারণ খোঁজার চাইতে তাদের দোষ খুঁজে বের করা বেশ সহজ। ধরুন, আপনি কাউকে হাসপাতালে দেখতে গিয়েছেন। কিন্তু আপনি তার সুস্থতা ও সমৃদ্ধতার ব্যাপারে কৃতজ্ঞ না হয়ে যদি পুরোটা সময় খাবারের ব্যাপারেই দোষারোপ করতে থাকেন, সেটি কিন্তু মোটেই কাম্য নয়।
আমরা যা-ই পেয়েছি, তার জন্য খুব ছোট্ট করে ধন্যবাদ দিতেও বড় দ্বিধাবোধ করি। ছোট কিছু ভুল-ভ্রান্তির জন্যে জীবনের বড় সৌন্দর্য ও উপহারগুলোর দিকে মন দিতে দিব্যি ভুলে যাই। ইন্টারনেটের বদৌলতে এ ব্যাপারগুলো আরো স্পষ্ট হয়েছে বৈকি! এটির জন্যেই আমরা ‘এক্সপেকটেশন’ এবং ‘রিয়েলিটি’ আলাদা আলাদা ঘরে চিহ্নিত করি। আমরা কৃতজ্ঞ হওয়ার বদলে যাচাইবাছাই করতে খুব পছন্দ করি।
আপনি যদি সত্যিকার অর্থে সফল হতে চান, তবে কৃতজ্ঞ এবং সহানুভূতিশীল হওয়া শিখুন।
সর্বদা কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন
এটি করতে হলে আপনার মানসিক শক্তি সঞ্চার করা প্রয়োজন হবে। প্রতিটি দিন স্বতস্ফূর্ত ও আনন্দিত হয়ে শুরু করুন। অন্যকে ধন্যবাদ দেওয়ার সুযোগ খুঁজুন সব সময়। কাউকে অবহেলা, অবজ্ঞা ও নিন্দা করার অভ্যাস থাকলে সেটি ছেড়ে দিন। আপনার জন্য এগুলো করা যদি খুব কঠিন বলে মনে হয়, তবে অনুপ্রেরণা খুঁজুন। আপনার আশেপাশেই হয়ত এমন কেউ আছে যিনি কোন কারণ ছাড়াই সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করেন!
চিহ্নিত করুন, কার প্রতি আপনি কৃতজ্ঞ
নিজেকে প্রশ্ন করুন- আমি আমার জীবনে কোন ব্যাপারে সবচেয়ে কৃতজ্ঞ? সেগুলোর তালিকা করুন এবং যাদের প্রতি আপনি সত্যিই কৃতজ্ঞ তাদের খুঁজে বের করুন। তালিকার মধ্যে নিশ্চয়ই আপনার বাবা-মা, সঙ্গী কিংবা পরিবারের অন্য সদস্যরা থাকতে পারেন। কিংবা এমনো হতে পারে যে একদম বাইরের কোন মানুষ দিয়েই তালিকা পরিপূর্ণ।
কৃতজ্ঞতা প্রকাশের বেলায় সৃজনশীল হোন। আপনার চিন্তাভাবনা শব্দ এবং কর্মে বিকশিত করুন।
কৃতজ্ঞতা প্রকাশের ডায়েরি তৈরি করুন
প্রতিদিন আপনি কেন কৃতজ্ঞ তা ডায়েরিতে টুকে রাখুন। এটি দীর্ঘ হোক কিংবা সংক্ষিপ্ত, তাতে কোন সমস্যা নেই। নামের পাশাপাশি কাদের আপনি ধন্যবাদ জানিয়েছেন, কাদের জানাবেন এবং কিভাবে জানাবেন তার জন্য আলাদা ঘর রাখুন।
প্রিয়.কম



