বিনোদন

চমকের অপেক্ষায় নিশীতা বড়ুয়া

অভি মঈনুদ্দীন
কণ্ঠের ভিন্নতার জন্যই নিশীতা বড়ুয়ার গায়কীতে আলাদা বৈশিষ্ট মিলে। যে কারণে তার গান খুব সহজেই চোখ বন্ধ করে অন্য যেকোনো শিল্পী থেকে সহজে আলাদা করা যায়। একজন শিল্পীর কণ্ঠশিল্পী হয়ে উঠার প্রথম সফলতা এখানেই যে শ্রোতারা গান শুনেই বুঝতে পারেন এটা কার গান। নিশীতা বড়ুুয়া তার নিজ কণ্ঠে সেই আলাদা পরিচিতিটা করে তুলতে পেরেছেন অনেক আগেই। তার গাওয়া সর্বশেষ দু’টি গান ‘তুমি আমি’ এবং ‘হিয়া’ শ্রোতা দর্শকের মন ছুঁয়েছে। দু’টি গানের কথা এবং সুর করেছেন জাহাঙ্গীর রানা এবং সঙ্গীতায়োজন করেছেন শান।
নিশীতা বলেন,‘ দু’টি গানের জন্যই ভীষণ সাড়া পাচ্ছি। আমি খুব কম গান করি, বেছে বেছে গান করার চেষ্টা করি। কিন্তু যাই করি মনের গহীন থেকে আবেগ না এলে, ভালোবাসা না এলে তাতে কণ্ঠ দিতেও ভালোলাগে না। তুমি আমি এবং হিয়া গান দু’টি আমার হৃদয়ের গান। শ্রোতা দর্শক পছন্দ করছেন, তাদের অনুভূতির প্রকাশ পাচ্ছি, ভালো লাগছে।’
এ দিকে আপাতত স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত আছেন নিশীতা। নিশীতা বড়ুয়ার এর আগে বেশ ক’জনের কাছে গানে তালিম নিলেও বতর্মানে ভারতের তুষার দত্তের কাছে নিয়মিত তালিম নিচ্ছেন। ব্যস্ত রয়েছেন নতুন কাজ নিয়ে। নতুন কাজে থাকছে নানান চমক। তবে আপাতত সেই চমকের কথা গোপনই রাখছেন তিনি। সময় হলেই জানান দেবেন নিশীতা।
এ দিকে রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন নিশীতা। নিশীতা বলেন, এখনো গান পেশা হিসেবে নেইনি। আগে এমবিএ টা শেষ করি। তারপর সিদ্ধান্ত নেবো কী হবে আমার পেশা। তবে গান আমার ভালোলাগা, ভালোবাসা।’
এর আগে নিশীতাকে উপস্থাপনায় দেখা গেলেও আপাতত আর উপস্থাপনা করছেন না তিনি।
সঙ্গীতাঙ্গনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিশীতা বলেন,‘ গান নিয়ে অনেক ভাবনা আছে আমার। অনেক ভালো ভালো গান করারও আগ্রহ আছে। কিন্তু একটি, দু’টি কিংবা তিনটি ভালো গান করার জন্য অনেক কিছুরই প্রয়োজন হয়। যেভাবে পরিকল্পনা করি সেভাবে বাজেট পাইনা। আছে আনুষঙ্গিক আরো নানান বিষয়। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে আমি সবসময়ই আশাবাদী। কারণ মানুষতো আশা নিয়েই বাঁচে।’
নিশীতা’র প্রকাশিত তিনটি একক অ্যালবাম হচ্ছে ‘বন্ধু তোমায় মনে পড়ে’ ,‘আমায় নিয়ে চলো’ এবং ‘পূজিব তোমায় সুর সঙ্গীতে’। তিনি প্রথম প্লে-ব্যাক করেন ‘বাজাও বিয়ের বাজনা’ চলচ্চিত্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button