জমকালো আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

৩৮ বছর পার করে ২২ নভেম্বর ৩৯তম বর্ষে পা দিয়েছে শান্তিডাঙ্গা-দুলালপুরের ‘সবুজরাণী’ ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রধান ফটকসহ প্রতিটি হলগেট সেজেছে রঙ-বেরঙের বাতিতে। সন্ধ্যা নামলেই ঝলমল করে ক্যাম্পাসের বিভিন্ন অঙ্গন। শিক্ষার্থীদের ফটোসেশন চলছে গভীর রাত পর্যন্ত।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি করেছে ইবি পরিবার। প্রতিটি বিভাগ, আবাসিক হলসমূহ, বিভিন্ন দফতর আলাদা ব্যানার নিয়ে র্যালিতে যোগ দেয়। র্যালির নেতৃত্ব দেন- ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসাকারী। উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হকসহ অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি এবং কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
এছাড়াও র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তবে আগের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিতে দলীয়ভাবে বিভিন্ন ছাত্র সংগঠন যোগ দিলেও এবার তেমনটি লক্ষ করা যায়নি।



