বঙ্গবন্ধু হত্যার পরের সরকারে সবাই আওয়ামী লীগের ছিলেন : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে বলেছেন, জাসদ বা জেএসডি সৃষ্টির কারণে নয়, আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিরোধের কারণেই বঙ্গবন্ধু খুন হয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর জাসদ ও জেএসডিই এর নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি দিয়েছে। আর বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক আহমেদের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সদস্য।
আজ বুধবার এক বিবৃতিতে তারা আরো বলেন, আওয়ামী লীগের এক শীর্ষ নেতার কাছে বঙ্গবন্ধু হত্যার পর তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি উত্তরে বলেন, ‘জাতি এক ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে।’ এর পরও সরকারের একজন প্রভাবশালী নেতা বঙ্গবন্ধুকে হত্যার জন্য স্বাধীনতার পর অন্যান্য কারণের মধ্যে জাসদ বা জেএসডি সৃষ্টিকেও দায়ী করেছেন, যা উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর সামিল। আর তা তিনি করবেনই না কেন, কাউকে যখন পাওয়া যায়নি তখন তিনিইতো রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করেন। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আরো অনেক সত্য বেরিয়ে আসবে। তাই এ থেকে বিরত থাকার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।




