শিক্ষা

বেরোবিতে ১২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্টদের নিয়ে নবগঠিত প্রভোস্ট কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেল ৪টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।
অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানকারী এবং ৩৫তম ও ৩৬তম বিসিএস পরীক্ষায় ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত এই বিশ্ববিদ্যালয়ের ১২ জন প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় হয়।
শেখ ফজিলাতুন্নেছা হল-এর প্রভোস্ট এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা শিক্ষার্থীরা দেশ সেবায় নিয়োজিত হয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। কৃতিত্বের সহিত যারা কর্মজীবনে প্রবেশ করছে আমরা এই সংবর্ধনার মাধ্যমে তাদের উৎসাহিত করতে চাই যাতে অন্যান্য শিক্ষার্থীরাও আগ্রহ পায়।’ ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে করে তা অব্যাহত রাখার ঘোষণাও দেন উপাচার্য প্রফেসর কলিমউল্লাহ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ মুখতার ইলাহী হল এর প্রভোস্ট (চলতি দায়িত্ব) ড. শফিকুর রহমান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদ এর ডিন ফেরদৌস রহমান ।
সংবর্ধিতদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রভাষক শাহাজাদা মিয়া এবং ইরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৩৬তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আব্দুল ওয়াজেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভিন্ন হল এর প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button