জাতীয়শিরোনাম

রোহিঙ্গারা ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিচয় হবে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’। তাদেরকে শরণার্থী বা উদ্বাস্তু বলা হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, বাংলাদেশে আসা রোহিঙ্গারা এখন থেকে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ হিসেবে পরিচিত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি দিয়ে এটা জানিয়েছে। আমরা এখন থেকে এটাই ব্যবহার করব।
তিনি আরো বলেন, আমরা এদের (রোহিঙ্গাদের) রিফিউজি (শরণার্থী) বলছি না। এই পরিচয়ের (বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) কারণে ধরে নেয়া হচ্ছে তারা রিফিউজি নয়, তারা আমাদের এখানে আশ্রয় প্রার্থী। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠাব। দেশের স্বার্থেই এটা করা হয়েছে।
জাতিগত নিপীড়নে পালিয়ে আসা মিয়ানমারের কয়েক লাখ রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। সম্প্রতি মিয়ানমারের সীমান্তে পুলিশ ও সেনাবাহিনীর চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আবারো রোহিঙ্গাদের ওপর অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে প্রাণ বাঁচিয়ে এখন পর্যন্ত আরো ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, গত ২৫ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৫ লক্ষাধিক। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।
এদিকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ‘স্ট্যাটাস’ নিয়ে সংশয় ছিল। রোহিঙ্গাদের আপাতত ‘শরণার্থী’ মর্যাদা দেয়া হবে না বলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button