শিরোনামশীর্ষ সংবাদ

সবচেয়ে দুর্ভোগের শহরের তালিকায় ঢাকা সাত নম্বরে

শান্তিময় জীবন বলতে আমরা কী বুঝি! ছিমছাম বৃক্ষশোভিত বাসা, সম্মানজনক আয় ও চাকরির নিশ্চয়তা, যানজটহীন সুন্দর পথ। এসব বিচারে বিশ্বে সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় রাজধানী ঢাকা ‘সাত’ নম্বরে। এক জরিপে বিশ্বে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি নাগরিক দুর্ভোগের শহরের তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। এই জরিপ করা হয়েছে শহরের ট্রাফিক ব্যবস্থার শৃংখলা, গণপরিবহনের পরিবেশ, নগরে সবুজ উদ্যানের পরিমাণ, নাগরিকদের আর্থিক অবস্থা, তাদের ঋণ নেওয়ার পরিমাণ, শারীরিক ও মানসিক অবস্থা এবং বছরে শহরটি সূর্যের আলো কতখানি পায় তার উপরে ভিত্তি করে।
জরিপটি পরিচালনা করেছে ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান। তারা বিশ্বের ১৫০টি শহরের ৫০০ স্থানে ১৭ ক্যাটাগরিতে তথ্য সংগ্রহ করে তাদের ফলাফল প্রকাশ করেছে। এ জরিপে তারা সবচেয়ে বেশি দুর্ভোগ ও সবচেয়ে কম দুর্ভোগের ১০টি করে নগরের নাম ঘোষণা করেছে।
এতে বিশ্বে সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় প্রথম হয়েছে ইরাকের বাগদাদ, দ্বিতীয় আফগানিস্তানের কাবুল, তৃতীয় নাইজেরিয়ার ল্যাগোস, চতুর্থ সেনেগালের ডাকার, পঞ্চম মিশরের কায়রো, ষষ্ঠ ইরানের তেহরান, সপ্তম বাংলাদেশের ঢাকা, অষ্টম পাকিস্তানের করাচি, নবম ভারতের নয়াদিল্লি আর দশম হয়েছে ফিলিপাইনের ম্যানিলা।
আর নাগরিকদের ভালো জীবনমান স্বস্তিময় শহরের তালিকায় প্রথম হয়েছে জার্মানির স্টুটগার্ট। নাগরিকদের স্বস্তিময় শহরের তালিকায় জার্মানির ৪টি শহরের নাম এসেছে। এ তালিকায় দ্বিতীয় হয়েছে লুক্সেমবার্গের লুক্সেমবার্গ সিটি, তৃতীয় জার্মানির হ্যানোভার, চতুর্থ সুইজারল্যান্ডের বার্ন, পঞ্চম জার্মানির মিউনিখ, ষষ্ঠ ফ্রান্সের বরডিউক্স, সপ্তম যুক্তরাজ্যের এডিনবার্গ, যৌথভাবে নবম হয়েছে অস্ট্রিয়ার গ্র্যাজ ও জার্মানির হামবুর্গ। সিএনএন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button