আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

রোহিঙ্গা সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে ঢাকায় এসেছেন বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইডুডু নির্দেশনার তিনি মিয়ানমার হয়ে বাংলাদেশে এসেছেন।
মারসুদি মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি এবং সেনাপ্রধান মিন অংয়ের সাথে আলোচনা শেষে ঢাকার নেতৃবৃন্দের সাথে সংকটটি নিয়ে মতবিনিময় করবেন।
আজ মঙ্গলবার দুপুরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান তাকে স্বাগত জানান। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মারসুদি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। রাতেই তিনি ঢাকা ছেড়ে যাবেন।
মিয়ানমারে সাংবাদিকদের সাথে আলাপকালে মারসুদি বলেন, রাখাইন রাজ্যে মিয়ানমার নিরাপত্তা বাহিনীকে সব ধরনের সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। একইসাথে স্বল্প ও দীর্ঘ মেয়াদে দুর্গত মানুষের কাছে মানবিক ও উন্নয়ন সহায়তা পৌঁছে দিতে হবে।
গত ২৫ আগস্ট রাখাইনের পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা নিধন অভিযান শুরু করে। হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের কারণে এ পর্যন্ত লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংকট থেকে উত্তরণে আবুল হাসান মাহমুদ আলী ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সাথে টেলিফোনে কথা বলেন। এছাড়া ইন্দোনেশিয়ার অভ্যন্তরেও রোহিঙ্গা ইস্যুতে সে দেশের সরকারকে তৎপর হওয়ার চাপ সৃষ্টি হয়। এরই প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তার পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার ও বাংলাদেশ পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button