খেলা

মাশরাফিদের কোচ রফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। এবার আর সেই ঘরে নেই তিনি। পঞ্চম আসরে নড়াইল এক্সপ্রেসের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। আর বিপিএলে ম্যাশদের স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের এক সময়কার ঘূর্ণি বোলার মোহাম্মদ রফিক।
১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন মোহাম্মদ রফিক। ব্যাটে-বলে দলকে এনে দিয়েছেন অনেক স্মরণীয় মূহুর্ত। সাদা পোশাকে ৩৩ ম্যাচে ১০০ উইকেট তার দখলে। সেরা বোলিং ফিগার ৭৭ রানে ৬ উইকেট। ব্যাট হাতে করেছেন ১০৫৯ রান। রয়েছে একটি শতক আর চারটি অর্ধশতক। একদিনের ক্রিকেটে ১২৫ ম্যাচ খেলে দখল করেছেন ১২৫ উইকেট। সেরা বোলিং ফিগার ৪৭ রানে ৫ উইকেট। ব্যাটসম্যান হিসেবে করেছেন ১১৯১ রান। রয়েছে দুইটি অর্ধশতক।
রফিক, টম মুডি ও নাজমুল আবেদিন ফাহিমকে রংপুরে পেয়ে উচ্ছ্বসিত মাশরাফি। ‘নতুন দলের হয়ে এবার আমি খেলব। যেখানে মেন্টর হিসেবে থাকবেন ফাহিম স্যার। কোচ হিসেবে আসবেন টম মুডি। রফিক ভাই আছেন, তিনি দুর্দান্ত স্পিনার। আশা করছি কোচিং স্টাফদের নিয়ে রংপুরকে ভালো কিছু দিতে পারব। সবার দোয়া চাই।’
বিপিএল উদ্বোধন ৩১ অক্টোবর আর শুরু হবে ২ নভেম্বর। বিপিএলের খেলোয়াড় ড্রাফট হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। ড্রাফটে প্রতিটি দলকে কমপক্ষে ১৩ জন স্থানীয় খেলোয়াড়কে নিতে হবে। তালিকায় থাকা বিদেশীদের মধ্যে কমপক্ষে দুইজনকে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button