শিক্ষা

সিলেট এমসি কলেজের সেই ছাত্রাবাস ‍এবার ভাঙচুর করল ছাত্রলীগ

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের পুড়িয়ে দেয়া সেই ছাত্রাবাস এবার ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ ছাত্রাবাসের নয়টি কক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
পাঁচ বছর আগে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে পোড়া ছাত্রাবাস সংস্কারের পর এবার ভাঙচুরের ঘটনা ঘটল।
দুপুরে কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র ছাত্রাবাস ভাঙচুরের ঘটনার সত্যতা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা বৈঠকে বসেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।’
এর আগে ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসের ৪২টি কক্ষ পুড়িয়ে দেয়া হয়েছিল। তখন অগ্নিসংযোগের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে ‘ছাত্রলীগের বহিরাগতরা’ ছাত্রাবাসে আগুন দিয়েছে বলে উল্লেখ করা হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে আজ বেলা ১১টার দিকে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। আধা ঘণ্টা পর ছাত্রাবাসের শ্রীকান্ত ব্লকের চারটিসহ নয়টি কক্ষ ভাঙচুর করে একটি পক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button