মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির পাহাড়ি জনপদের পরিবেশ ও জলবায়ু রক্ষায় নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম পেয়েছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গতকাল (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়। রাঙামাটির মতো ভৌগোলিকভাবে দুর্গম ও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলায় পরিবেশ ও জলবায়ু রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছেন সাইমুন। তার প্রতিষ্ঠিত সংগঠন ‘স্বপ্নবুন-Dream Deviser’-এর মাধ্যমে তিনি রাঙামাটির ১৪টি আদিবাসী জনগোষ্ঠী এবং ১০টি উপজেলার তরুণদের নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তার নেতৃত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ে সচেতনতামূলক কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাক-এর সঙ্গে সমন্বয় করে তিনি শহর পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাইমুন ‘Snake Rescue Team Bangladesh’-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছেন। পাশাপাশি, সাপে কাটা রোগীদের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে তিনি সরকারি কলেজ গুলোতে কর্মশালারও আয়োজন করেছেন। করোনাকালীন সময়ে রাঙামাটির দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা, লাশ দাফন ও খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ পর্যন্ত সব ধরনের দুর্যোগ ও সংকটে সাইমুন এবং তার দল সামনের সারিতে থেকে কাজ করেছেন।
রাঙামাটিবাসীর মধ্যে এ অর্জন আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তার এ সাফল্য তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।