রাজনীতি

দুঃস্থদের মাঝে খালেদা জিয়ার কাপড় ও ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট ঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্য মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দ সকাল ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগরী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি জায়গায় দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ শুরু হয়।
ইতিমধ্যে ধানমন্ডিতে মহানগর বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির উদ্যোগে দুঃস্থ ও গরিবদের মাঝে কাপড়, নগদ টাকা বিতরণ করেন খালেদা জিয়া। এছাড়া কলাবাগান, লালবাগ, চকবাজার, আজিমপুর বটতলা, আজাদ অফিস বালুর মাঠ, সূত্রাপুর, দয়াগঞ্জ, পল্টন, খিলগাঁও, মতিঝিল, শ্যামপুর, সহ কয়েকটি স্পটে দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী, শাড়ি, লুঙ্গি, নগদ টাকা বিতরণ করেন খালেদা জিয়া। আগামীকালও অন্তত ১৭টি স্পটে দুঃস্থদের মাঝে শাড়ি, কাপড় বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন।
ধানমন্ডি থানা বিএনপির সভাপতি ও মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম রবি জানান, তার উদ্যোগে তালিকা প্রণয়ন করে প্রায় তিন হাজার দুঃস্থ লোকের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে। এরমধ্যে বেগম খালেদা জিয়া নিজেই প্রায় ত্রিশজনের হাতে এসব তুলে দেন বলে জানান শেখ রবিউল আলম।
শায়রুল কবীর খান আরো জানান, এর আগে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ঔষধ সামগ্রী বিতরণ করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button