মঙ্গলবার বসছে বাজেট অধিবেশন

মঙ্গলবার সকাল ১১টায় চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ।
এটি হবে দশম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন।
সংসদের অন্যান্য অধিবেশন সাধারণত বিকেলে বসলেও রোজার মাসের কারণে এই অধিবেশন প্রতিদিন সকালে বসবে।
এ অধিবেশনেই ১ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৭-১৮ নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যেই নতুন অর্থবছরের বাজেট পাস করতে হবে।
গত ১৪ মে সংসদের শুরু হতে যাওয়া অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। এর আগে গত ৮ মে শেষ হয় সংসদের পঞ্চদশ অধিবেশন। সংবিধানের নিয়ম রক্ষায় বসা ওই অধিবেশনের মেয়াদ ছিল পাঁচ কার্যদিবস।
সংসদের বৈঠক বসার আগে কার্য উপদেষ্টা কমিটিতে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। এছাড়া বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ করা হবে। বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ সময় হয়ে থাকে। গত বছর বাজেট অধিবেশন ৩২ কার্যদিবসের ছিল।
এদিকে বাজেট পেশের আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে অর্থবিলের অনুমোদন দেয়া হবে। পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই সময় সংসদ ভবনেই অবস্থান করবেন তিনি। এছাড়া অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য নির্ধারিত গ্যালারিতে বসে দেখবেন আবদুল হামিদ।
আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার চার লাখ কোটি টাকার ওপর হবে বলে অর্থমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন।




