
দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করে সরকারের চতুর্থ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯.১৫ কিলোমিটার দীর্ঘ ঢোলা-সাদিয়া সেতু খুলে যাওয়ায় অাসাম ও অরুণাচল যাত্রাপথের সময় কমবে প্রায় ৬ ঘণ্টা।
শুক্রবারই তিন বছর পূর্ণ করল এনডিএ সরকার। সেই উপলক্ষে কেন্দ্রের নির্ধারিত বিভিন্ন প্রকল্প, প্রচার ও অনুষ্ঠান শুরু হতে চলেছে। এই বিশাল উদ্যাপন অাসাম থেকেই শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্য শুক্রবার দুদিনের অাসাম সফরে গিয়েছেন তিনি।
সেখানে তার একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা। শুক্রবার সকালে ডিব্রুগড় পৌঁছান নমো। পৌনে এগারোটা নাগাদ অাসামের পুরানা সাদিয়াতে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেন তিনি।
৯৫০ কোটি রুপি খরচ করে এই সেতুটি তৈরি করা হয়েছে। ওজন ৬০ টন বা ৬০ হাজার কিলোগ্রাম। সেতুটি এমনভাবে তৈরি যাতে, প্রয়োজনে একটি যুদ্ধ ট্যাঙ্কও এর উপর দিয়ে যেতে পারে। এই সেতুটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে ৩০০ কিলোমিটার এবং অসমের রাজধানী দিজপুর থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং অবশ্যই চীনা সীমান্তের কাছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




