sliderস্থানিয়

বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম ঋষিপাড়ায় ঋণের চাপে গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৬ লক্ষাধিক টাকার ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে এবং পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে। নিহত গোবিন্দ বিশ্বাস ওই গ্রামের পরিমল বিশ্বাসের একমাত্র ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে চড়া সুদে ঋণ নিয়ে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান গোবিন্দ। সেখানে কিছুদিন কাজ করার পর আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে প্রায় দেড় বছর পর মালয়েশিয়া পুলিশের কাছে ধরা দিয়ে শূন্য হাতে দেশে ফিরে আসেন।

দেশে ফিরে জীবিকা নির্বাহের জন্য তিনি একটি সেলুনের দোকানে কাজ শুরু করেন। তবে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝা তার পিছু ছাড়েনি।

জানা গেছে, বেসরকারি এনজিও সংস্থা ‘এসডিসি’ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ‘ব্র্যাক’ থেকে ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৬ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন তিনি।
মালয়েশিয়া থেকে খালি হাতে ফেরায় এবং সেলুনের সীমিত আয়ে এনজিওর বিশাল অংকের সাপ্তাহিক কিস্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন গোবিন্দ। কিস্তি পরিশোধের এই তীব্র মানসিক চাপ নিয়ে প্রায় সময়ই পরিবারের সদস্যদের সাথে তার ঝগড়া ও পারিবারিক কলহ লেগেই থাকত।

একপর্যায়ে গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে ঘরে থাকা বিষপান করেন গোবিন্দ। বিষের যন্ত্রণায় ছটফট করতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক যুবকের বিষপানে আত্মহত্যার খবর পেয়েছি। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিমল বিশ্বাসের পরিবারে এখন চলছে শোকের মাতম। নিহতের চার বছর বয়সী কন্যাসন্তান প্রার্থনা বিশ্বাসের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। তিন ভাই-বোনের মধ্যে গোবিন্দই ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button