slider

মানিকগঞ্জে ঘুমন্ত বড়ভাইকে গলাকেটে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড়ভাইকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছোটভাইয়ের বিরুদ্ধে। এ হত্যাকাণ্ডের পর থেকে ছোটভাই পলাতক রয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বড়ভাই আবু রায়হান (২৭) ও হত্যাকারী ছোটভাই রোমান (২৪) একই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান (২৭), রোমান (২৪) ও জামান (১৮)।

প্রসঙ্গত, প্রায় এক বছর আগে রোমান প্রেম করে বিয়ে করেন। পরিবারের কেউ তা মেনে নেয়নি। এ ছাড়া টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা একঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে ঘুমান তিন ভাই। প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড়ভাই রায়হান ও ছোটভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে রোমান পালিয়ে যান। এ সময় বড়ভাই রায়হানের গোংগানির শব্দে ঘুম ভেঙে যায় ছোটভাই জামানের।

তখন তার মা-বাবাকে ঘুম থেকে ডেকে উঠান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন ভাইয়ের মধ্যে ঘাতক রোমান প্রায় ৫ বছর লেবানন ছিলেন। দু’বছর আগে দেশে ফিরেন। এক বছর আগে রোমান পাশর্^বর্তী ধল্লা ইনিয়নের মেদুলিয়া গ্রামে বিয়ে করেন। বাকি দুই ভাই অবিবাহিত। বেশ কিছুদিন ধরে প্রবাস থেকে রোমানের পাঠানো টাকা পয়সা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হত্যাকান্ড। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারে বইছে শোকের মাতম। রোমানকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button