রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি : সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের প্রধান অতিথিতে সভায় স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাটুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুক্তি, সাটুরিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক মো.খোকন প্রমুখ।
সভায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের কার্যক্রম, সঠিক ব্যবহারবিধি এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি মিটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
