মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সিঙ্গিনালা তৈয়বিয়া তাহারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম উদ্দিন বাহারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার আব্দুল বারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা মারজান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য মোঃ হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।