sliderরাজনীতিশিরোনাম

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মেডিক্যাল ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টিও আলোচনায় স্থান পায়।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাঁর বাসভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের পর এবি পার্টির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং সহমর্মিতা প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষের আতিথেয়তা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং এবি পার্টির পক্ষে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা ও ব্যারিস্টার আব্বাস ইসলাম খান উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button