
মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শাহনাজ পারভীন। তিনি ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত ইউএনও-কে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা এবং কাজিপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কাজিপুরে যোগদানের পূর্বে শাহনাজ পারভীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পালনকালে কাজিপুরের সামগ্রিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও। এ সময় সংসদ সদস্য তাকে সব ধরনের প্রশাসনিক ও ব্যক্তিগত সহযোগিতার আশ্বাস দেন।
একই অনুষ্ঠানে কাজিপুরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




