
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত জাদুঘরটি পরিদর্শনে যান তিনি। এ সময় তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন।
জাদুঘরে পৌঁছালে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী জাদুঘরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ পুতুল ও খেলনা, নদী, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বাদ্যযন্ত্র, তৃণমূলের লোকজ, বিজ্ঞান, বৃক্ষ ও মহান মুক্তিযুদ্ধ গ্যালারি ঘুরে দেখেন। তাঁরা বাংলাদেশের গ্রামীণ জীবন, লোকজ সংস্কৃতি, জীববৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আগ্রহ নিয়ে জানতে চান।
বিশেষভাবে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বৃক্ষ ও নদী গ্যালারি। বৃক্ষ গ্যালারিতে দেশের বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি বৃক্ষ জীবন্ত সংগ্রহ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আর নদী গ্যালারিতে বিশ্বের ৩৯৪টি নদীর পানি সংরক্ষিত রয়েছে বলে জানান জাদুঘর কর্তৃপক্ষ।
ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি, ঐতিহ্য, জীববৈচিত্র্য ও গ্রামীণ জীবনধারা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই লোকায়ন জাদুঘরের মূল উদ্দেশ্য। মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীর পরিদর্শন জাদুঘরের কার্যক্রমকে আরও উৎসাহিত করবে।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে এসে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ হয়েছে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৩১ আগস্ট) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে সমতলের চা-বাগান ও ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।




