
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মোঃ দুলবাহার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন জীবনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জীবনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ দুলবাহারের (২৭) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির শয়নকক্ষ থেকে কোডেইনসমৃদ্ধ ফেনসিডিল জাতীয় ১৯৩ বোতল ফেনসিবিল ও ২০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২১৩ বোতল মাদক জব্দ করে র্যাব।
অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ রাখার অভিযোগে বাড়ির মালিক মোঃ দুলবাহারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।



