
মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাহিম খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৭1 জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের মেসার্স শুকতারা ব্রিকস-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান সোহাগ। গ্রেপ্তার হওয়া ফাহিম খান (২০) পূর্ব গোদন্ডা গ্রামের মো. ফরিদ খানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ফাহিম খানকে তল্লাশি করলে তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে নলছিটিতে পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত আছে। মাদক কারবারি ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।




