
মোঃ জাফর আহমদ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানকারীদের তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে টানা অভিযানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। পৃথক এসব অভিযানে ভারতীয় কসমেটিক্স, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল ও গবাদিপশুসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য আটক করা হয়েছে। বিজিবির দাবি, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক চোরাচালানবিরোধী অভিযানে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স সামগ্রী, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল এবং গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য। এসব মালামাল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।




