
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেস ক্লাব, এনসিপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন।
পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে তাদের আদর্শ তুলে ধরার আহ্বান জানানো হয়।




