
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়িতে অভিযান চালিয়ে শতাধিক ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ বোঝাই দুটি চাঁদের গাড়ি (জীপ) জব্দ করেছে ২৭ বিজিবির মারিশ্যা জোন।
রবিবার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল উপজেলার প্রশিক্ষণ টিলা বাঙালি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি জীপসহ মোট ১০৪ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত কাঠ ও যানবাহনের আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৯ হাজার ৪৮৫ টাকা।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও বনজ সম্পদ পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।




