
তপন দাস, নীলফামারী প্রতিনিধি: সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
শুক্রবার (২৯ মে ২০২৬) জুমার নামাজের আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী, স্বজন ও চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু, সার্জারি ও জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান, পরিচ্ছন্নতা ও হাসপাতালের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। অনেক রোগী ও স্বজন হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনার কথা তুলে ধরলে তিনি তা গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
হাসপাতালে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এমপি লতিফ। বিশেষ করে অ্যাম্বুলেন্স সেবার ধীরগতি, রোগী পরিবহনে ভোগান্তি, হাসপাতালের ওয়ার্ড ও ড্রেনেজ ব্যবস্থার অপরিচ্ছন্নতা, রোগীদের খাবারের নিম্নমান এবং প্রয়োজনীয় জনবলের সংকট নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালনের মান এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর নেন। সংসদ সদস্য হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দিয়ে বলেন, সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে যেন কোনো ধরনের হয়রানি বা অবহেলার শিকার না হন। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে জরুরি বৈঠকে এমপি আল ফারুক আব্দুল লতিফ বলেন, হাসপাতাল হবে সাধারণ মানুষের আস্থার জায়গা। এখানে রোগীরা সঠিক চিকিৎসা, ওষুধ ও মানবিক সেবা পাচ্ছে কি না, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, নীলফামারী সদর হাসপাতালকে আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্রে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের পাশাপাশি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শনে রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।



