
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক—সবখানেই এখন নির্বাচনী হিসাব-নিকাশ।
এবারের নির্বাচনে ৪ জন প্রার্থীর নাম ভোটারদের মুখে মুখে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। প্রার্থীরা হলেন: সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মজিবর রহমান (কড়াইল গ্রাম, ৩ নং ওয়ার্ড)।
বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুস সোবহানের ছেলে শরীফ মাহমুদ কিল্টন (৫ নং ওয়ার্ড)।
সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জমশের আলী (৮ নং ওয়ার্ড)।
বালিয়াটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী (৬ নং ওয়ার্ড)।
মাঠে সক্রিয় সবাই, চলছে ডিজিটাল প্রচারণা।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সম্ভাব্য ৪ জন প্রার্থীই নিজ নিজ এলাকায় অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত। তারা প্রত্যেকেই মাঠে বেশ সক্রিয় রয়েছেন এবং এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন। সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান-প্রোগ্রামে অংশ নিয়ে তারা ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। মাঠ পর্যায়ের প্রচারণার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম তথা ফেসবুকেও পোস্টার ও ব্যানারের মাধ্যমে নিজেদের আগমনী বার্তা দিচ্ছেন প্রার্থীরা।
লড়াইয়ের আভাস মজিবর ও কিল্টনের মধ্যে এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সাধারণ ভোটারদের মাঝেও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বর্তমান পরিস্থিতি ও মাঠের হিসাব-নিকাশ অনুযায়ী, ভোটের লড়াইয়ে অন্য প্রার্থীদের তুলনায় মোহাম্মদ মজিবর রহমান কিছুটা এগিয়ে আছেন বলে মনে করছেন স্থানীয়রা। তবে সাধারণ ভোটার ও সচেতন মহলের ধারণা, শেষ পর্যন্ত মূল নির্বাচনী লড়াইটি জমবে মোহাম্মদ মজিবর রহমান এবং সাবেক চেয়ারম্যানপুত্র শরীফ মাহমুদ কিল্টনের মধ্যেই।
বর্তমান চেয়ারম্যান মীর সোহেল চৌধুরী এবং জমশের আলীও মাঠ ছাড়ছেন না। ফলে সব মিলিয়ে বালিয়াটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বেশ জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।




