sliderরাজনীতিশিরোনাম

শিশু রামিসা হত্যাকাণ্ড:বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবি পার্টির

পতাকা ডেস্ক: মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজ এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রামিসার ওপর চালানো এই পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তারই নির্মম প্রমাণ।
নেতৃদ্বয় বলেন, দেশে আজ সামাজিকতা, মানবিকতা ও মূল্যবোধের ভয়াবহ পতন ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় ব্যর্থতা সমাজকে এমন এক অন্ধকার বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধও অনেকের কাছে যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন সমাজে মানবিকতার পরিবর্তে পশুত্বই প্রাধান্য পায়।
তারা উল্লেখ করেন, রামিসার পিতা নিজেই আক্ষেপ করে বলেছেন,তিনি ন্যায়বিচার পাবেন না। এই হতাশা কেবল একজন শোকাহত পিতার নয়; এটি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের বিচারহীনতার অভিজ্ঞতার প্রতিফলন। বারবার অপরাধ সংঘটিত হলেও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এবি পার্টির নেতৃদ্বয় বলেন, কেবল ঘটনার পর শোক প্রকাশ, দায়সারা গ্রেফতার বা সাময়িক তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন অপরাধ ও বিচারহীনতার রাজনৈতিক সংস্কৃতির অবসান। শিশু ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কঠোর, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অপরাধীর রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামাজিক পরিচয় নয়,তার অপরাধই যেন বিচারের একমাত্র ভিত্তি হয়।
তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে দেশজুড়ে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল সচেতন নাগরিক, রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button