sliderস্থানিয়

দুর্গম সাজেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাঘাইহাট সেনা জোন

মোঃআব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মুশফিক এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন।

সোমবার (১৮ মে ২০২৬) বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া পড়ে। এসময় মুশফিক এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ২০০ জন হতদরিদ্র, দুস্থ ও বয়স্ক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) এবং ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও)। সেনাবাহিনীর চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিক আচরণে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম পাহাড়ি অঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসা আরও বৃদ্ধি করছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন অতীতেও ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম ও বাঘাইহাটসহ বিভিন্ন দুর্গম এলাকায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। তারই ধারাবাহিকতায় এবার মুশফিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button